৩ ফুট উচ্চতার কনটেন্ট ক্রিয়েটর মারিন আর নেই

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে লাখো মানুষের অনুপ্রেরণা হওয়া কলম্বিয়ান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডেভিড আলেজান্দ্রো পেলায়েজ মারিন আর নেই। সোশ্যাল মিডিয়ায় ‘আলেহো লিটল’ নামে পরিচিত এই তারকা শনিবার (১৩ মার্চ) ৩৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ এর প্রতিবেদন অনুযায়ী, মারিনের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-কর্মী কার্লোস ফেরিয়া ইনস্টাগ্রামে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আজ সকালে আমি একটি দুঃসংবাদ পেয়েছি আমার বন্ধু মারিন মারা গেছেন।’ তবে তার পরিবার বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

মারিনের উচ্চতা ছিল মাত্র ৯০ সেন্টিমিটার (৩ ফুটেরও কম)। তবে উচ্চতা কম হলেও তার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিনি গর্বের সঙ্গে লিখেছিলেন, ‘আমি মাত্র ৯০ সেন্টিমিটার লম্বা এবং আমার কাছে কোনো কিছুই খুব বড় নয়।’

ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে ৪২ লাখেরও বেশি অনুসারী ছিল মারিনের। তিনি মূলত ‘কঙ্কালগত ডিসপ্লেসিয়া’ (Skeletal Dysplasia) নামক একটি বিরল জিনগত রোগে আক্রান্ত ছিলেন, যা হাড়, অস্থিসন্ধি ও তরুণাস্থির গঠনকে ব্যাহত করে। এই শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তার দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ও মজার কনটেন্ট শেয়ার করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

মৃত্যুর কিছুদিন আগে, ২ মার্চ টিকটকে নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন মারিন। সেখানে তাকে একটি অক্সিজেন মাস্ক ব্যবহার করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন যে, তিনি জীবনের এক কঠিন সময় পার করছেন এবং ‘পানির উপরে একটি ভেলা’ খুঁজছেন যা তাকে বাঁচাবে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি তার ৩৩তম জন্মদিন পালন করেছিলেন এবং সুস্থ হয়ে ওঠার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন।

তার এই অকাল প্রয়াণে সোশ্যাল মিডিয়া জগতে এবং তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

NB/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত