টেইলরের বিয়ের আবর্জনা বিক্রি, দাম ১০০ ডলার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

মার্কিন পপ তারকা 'টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি–এর বিয়েকে ঘিরে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন–এর বাইরে পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করে কিউবে বন্দি করে বিক্রি করছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক। তাঁর তৈরি এসব ‘স্মারক কিউব’-এর দাম ২৫ থেকে ১০০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

গত শুক্রবার টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের আয়োজনকে কেন্দ্র করে যখন ভক্ত ও অতিথিদের উপস্থিতিতে সরব ছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন, তখন কুইন্সের শিল্পী জাস্টিন গিগনাক ভেন্যুর আশপাশ থেকে ফেলে দেওয়া বিভিন্ন বস্তু সংগ্রহ করছিলেন। পরে সেগুলো স্বচ্ছ প্লাস্টিকের কিউবের মধ্যে সংরক্ষণ করে বিক্রির জন্য প্রস্তুত করেন তিনি।

গিগনাক জানান, সংগ্রহ করা জিনিসের মধ্যে ছিল ‘রিং পপ’ নামের একটি ক্যান্ডি, একটি ফেলে যাওয়া এয়ারপড এবং একটি ওভুলেশন টেস্ট কিটসহ নানা ধরনের পরিত্যক্ত সামগ্রী। তিনি বলেন, এসব বস্তু সরাসরি বর-কনে বা অতিথিদের ফেলা কি না, তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে বিয়ের স্থান ও সময়ের বিশেষত্বের কারণে এগুলো ভক্তদের কাছে সংগ্রহযোগ্য স্মৃতি হয়ে উঠতে পারে।

তিনি বলেন, ‘আমি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছি, যার প্রতিটির দাম ২৫ ডলার। আর সাধারণ আবর্জনার বড় কিউবগুলোর দাম রাখা হয়েছে ১০০ ডলার।’

আবর্জনাকে শিল্পকর্মে রূপ দেওয়ার কাজটি জাস্টিন গিগনাক গত ২৫ বছর ধরে করে আসছেন। তাঁর মতে, মানুষ যে জিনিসগুলো সাধারণত মূল্যহীন মনে করে ফেলে দেয়, সেগুলোর মধ্যেও আলাদা ধরনের গল্প ও আকর্ষণ থাকতে পারে।

গিগনাক বলেন, ‘আমার মাথায় একটি ধারণা এসেছিল এবং আমি সেটিকে বাস্তবে রূপ দিয়েছি। পরিত্যক্ত জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পেতে আমি পছন্দ করি।’

নিউইয়র্কের অনেক বাসিন্দা ও পর্যটক তাঁর এই উদ্যোগকে সৃজনশীল ব্যবসায়িক ধারণা হিসেবে দেখছেন। মিডটাউনের বাসিন্দা নাটালিয়া ক্রুজ বলেন, ‘টেইলর সুইফটের ভক্তদের কাছে তাঁর সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছুরই বিশেষ মূল্য রয়েছে। নিছক সংগ্রহের আগ্রহ থেকেই অনেকে এসব কিউব কিনতে পারেন।’

এর আগে বিভিন্ন বিয়ের স্মারক, যেমন শপথপত্র, আংটির বাক্স ও টেবিল নম্বর ব্যবহার করেও কিউব তৈরি করেছেন গিগনাক। তিনি জানিয়েছেন, চাইলে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির জন্যও বিশেষ স্মারক কিউব তৈরি করতে প্রস্তুত তিনি।

Attr/AHA
আরও পড়ুন