দীর্ঘ ৭ বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ অভিনেত্রী রশ্মি লীলা। ফুসফুসজনিত জটিলতায় ভুগে গত ১৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
অভিনেত্রীর স্বামী সারক্কি মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘রশ্মি শেষ পর্যন্ত লড়াই করেছে। জীবনের প্রতি তার ভালোবাসা এবং আমাদের প্রতি অগাধ টান ছিল। কিন্তু ঈশ্বরের ইচ্ছার কাছে আমরা পরাজিত।’
জানা গেছে, গত সাত বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis) রোগে ভুগছিলেন রশ্মি। ধীরে ধীরে রোগটি জটিল আকার ধারণ করে পালমোনারি ফাইব্রোসিসে (Pulmonary Fibrosis) রূপ নেয়। চিকিৎসকদের মতে, এই রোগে ফুসফুসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে শক্ত হয়ে যায়, ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। শ্বাসকষ্টের কারণে গত এক বছর ধরে কৃত্রিম অক্সিজেনের সাহায্যে বেঁচে ছিলেন তিনি।
দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তীব্র আর্থিক সংকটে পড়েছিল অভিনেত্রীর পরিবার। এ সময় কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। পরিবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেও অস্ত্রোপচারের পর ফের শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
‘আমি আছি বলেই জয়ার ছবি তুলতে পারছেন’
