শান্তি কিংবা যুদ্ধ—যেকোনো উপায়ে ইরানের সঙ্গে অচলাবস্থার অবসান চান ট্রাম্প

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

ইরানের সঙ্গে চলমান অচলাবস্থার দ্রুত অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি আলোচনার মাধ্যমে হোক কিংবা সামরিক পদক্ষেপের মধ্য দিয়ে—যেকোনো উপায়ে সংকটের ইতি টানতে পারেন তিনি। এমনকি আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক মোহাম্মদ এলমেনশাওয়ি।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এলমেনশাওয়ি বলেন, “শান্তি কিংবা যুদ্ধ—যেকোনো উপায়ে যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে এই অচলাবস্থার অবসান ঘটাতে চান ট্রাম্প।”

তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে যে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি চলছে, তা ভাঙতে পারে দুটি পথের যেকোনো একটি—আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অথবা নতুন করে সামরিক হামলা শুরু হওয়া।

এলমেনশাওয়ির মতে, ট্রাম্প মনে করছেন সময় তাঁর পক্ষেই রয়েছে। কারণ, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ, যার ফলে ইরানের তেল রপ্তানির সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ইরানের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং কয়েকটি দেশের স্থলসীমান্ত বন্ধের বিষয়টিও তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে।

বিশ্লেষক বলেন, তেহরানকে বুঝতে হবে, ট্রাম্প এই সংঘাতকে অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতে দেবেন না। এ পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের আরও জোরালোভাবে আলোচনার উদ্যোগ নিতে হবে।

এলমেনশাওয়ি আরও বলেন, ইরানে নতুন করে হামলা চালানোর জন্য ইসরায়েলি পক্ষ থেকে ট্রাম্পের ওপর চাপ রয়েছে। বিপরীতে, আরব উপসাগরীয় দেশগুলো আলোচনার পথ এগিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

তাঁর মতে, ট্রাম্প শেষ পর্যন্ত কোন পক্ষের চাপে সাড়া দেবেন, তা আগে থেকে অনুমান করা কঠিন।

সূত্র: আলজাজিরা

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত