খবর সংযোগ ডেস্ক : নৈতিক অবক্ষয়ে অভিযোগ এনে হলিউডের বার্বি সিনেমা নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়া। দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে সিনেমা হল মালিকদের সিনেমাটি নামিয়ে ফেলতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সিনেমাটিতে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে। যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
আলজেরিয়ার বৃহৎ তিন নগরী আলজিয়ের্স, ওরান এবং কন্সট্যানটিনের সবগুলো সিনেমা হলে এই সিনেমা দেখতে দর্শকদের ভিড় লেগে গিয়েছিল বলে জানিয়েছে ২৪এইচ আলজেরি নিউজ।
শুধু আলজেরিয়াই নয়, আরব বিশ্ব থেকেও এই সিনেমায় প্রচার করা সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে। গত সপ্তাহে কুয়েত সরকার বার্বি সিনেমা নিষিদ্ধ করেছে। তবে সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে সিনেমাটির প্রদর্শন চলছে।
যুক্তরাজ্য, স্পেনসহ অনেক দেশের সরকার প্রধান সিনেমাটির প্রশংসা করেছে। ‘বার্বি’ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। গত ২১ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটির এ পর্যন্ত ১ বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে।

