প্রতিটি ঈদেই নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। ২০২৬ সালের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নতুন একটি ছবিতে অভিনয় করবেন শাকিব। আর এই সিনেমার প্রধান নারী চরিত্রে টলিউডের মধুমিতা সরকার অভিনয় করছেন- এমন খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।
সম্প্রতি একটি ফ্যানমেইড সিনেমা পোস্টার ভাইরাল হয়, যেখানে শাকিব খানকে ‘কালা জাহাঙ্গীর’, মোশাররফ করিমকে ‘পিচ্চি হান্নান’ এবং নায়িকা চরিত্রে মধুমিতা সরকারকে দেখানো হয়। এই পোস্টার ঘিরে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
একটি স্ট্যাটাসে দীপা লেখেন, 'এটা কি যৌথ প্রযোজনার ছবি? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি এমন কোনো শিল্পী নেই, যারা নারী লিড রোলে অভিনয় করতে পারেন? কেন এই ধরনের কাস্টিং হচ্ছে?'
এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করলেও, অনেকে দীপার নিজের কাজেও ভারতীয় শিল্পীর অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে প্রশ্ন তোলেন।
পাল্টা জবাবে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নতুন আরেকটি ফেসবুক পোস্টে দীপা খন্দকার লিখেছেন, 'জ্বি, আমি স্বার্থপর। আমি চাই, আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আমাদের শিল্পীরা যেন উপকৃত হন।'
তিনি আরও বলেন, 'শাকিব খানের সিনেমা মানেই বিশাল আয়োজন। সেখানে নারীদের প্রধান চরিত্রের সুযোগ এমনিতেই সীমিত। যদি ওই একটি-দু'টি চরিত্রও অন্য দেশের শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আমাদের অভিনেত্রীদের জন্য কী থাকে?'
চলচ্চিত্রে নারী শিল্পীদের জায়গা সংকুচিত হওয়া নিয়ে দীপা বলেন, 'অনেক শিল্পী আছেন, যারা ইতোমধ্যে সিনেমায় নিজেদের প্রমাণ করেছেন। তাই গল্পনির্ভর এবং চিন্তাশীল কাস্টিং-নির্ভর সিনেমা নির্মাণে মনোযোগ দেওয়া উচিত।'
তার এই মন্তব্যের পক্ষে নানা মন্তব্যও দেখা যায় কমেন্ট বক্সে। একজন লিখেছেন, 'বাংলাদেশের এত সুন্দর ও দক্ষ নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের অভিনেত্রীদের কেন আনতে হবে? মিম, পুজা, নুসরাত, তুশি- এদের কী দোষ?'
আরেকজন মন্তব্য করেন, 'একেবারেই ঠিক বলেছেন, মধুমিতার বদলে দেশি কাউকে নিলে আরও ভালো হতো। দুই দেশেই অনেক গুণী অভিনেত্রী আছেন।'
নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঈদ সামনে রেখে চলচ্চিত্রের কাস্টিং নিয়ে এই বিতর্ক ঢাকাই ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

