মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহের শঙ্কা

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:১৪ পিএম

চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস দেওয়া হয়। ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় দেশি-বিদেশি বিভিন্ন মডেল ও উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মাসজুড়ে সমুদ্রের গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

চলতি মাসে সারাদেশে এক থেকে তিনটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে দেশের কোনো কোনো অঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহের (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) দেখা মিলতে পারে। সামগ্রিকভাবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে আট দিন হালকা বা মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়া দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।

অধিদপ্তর জানায়, বিশ্ব আবহাওয়া সংস্থার অনুমোদিত মডেল, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস এবং এল-নিনো ও লা-নিনোর অবস্থা বিবেচনা করেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন