দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাসের পাশাপাশি কিছু কিছু জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৩ মে) সকালে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, বর্তমানে সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেও মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে। একই সাথে তাপপ্রবাহের আওতাধীন এলাকাগুলোতে গরমের অনুভূতিও প্রায় একই রকম থাকতে পারে।
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা