দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও হামের লক্ষণ দেখা দিয়েছে ১ হাজার ২৬১ জন শিশুর শরীরে।
রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত দেড় মাসের ব্যবধানে হামের ছোবলে দেশে মোট ২৯৪ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া শিশুর সংখ্যা ৫০ এবং বাকি ২৪৪ জন শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।
গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন শিশু। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে আরও ৪০ হাজার ৪৯১ শিশু। অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান বলছে, হামের প্রকোপ সবচেয়ে বেশি রাজধানীসহ ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৫০ জন শিশু মারা গেছে। এছাড়া ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৭৬ জন, যা সারাদেশের মোট আক্রান্তের প্রায় অর্ধেক।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে (যেমন- তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ, চোখ লাল হওয়া) দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। এছাড়া শিশুদের নিয়মিত টিকার ডোজ সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু