হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৮৩

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

দেশজুড়ে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৩টি শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ সনাক্ত করা হয়েছে।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ২২ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৬৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৩ হাজার ৭৫৫ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় মোট ১১ হাজার ১৭১ জনের হাম শনাক্ত নিশ্চিত হওয়া গেছে।

এদিকে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৭ হাজার ৭৪৩ জন রোগী। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৩ হাজার ৯৮৫ জন। দেশজুড়ে আক্রান্তের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় শিশুদের সুরক্ষায় বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

Attr
আরও পড়ুন