স্বাদের সঙ্গে আপস না করেই তেল ছাড়া রান্নার ৩ উপায় 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ বা কোলেস্টেরলের ঝুঁকি কমানো সুস্থ থাকতে বর্তমানে চিকিৎসকরা তেল-মশলাদার খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। কিন্তু ভোজনরসিক বাঙালির জন্য তেলের মায়া ত্যাগ করা বেশ কঠিন। অনেকেই মনে করেন, তেল কম হলে হয়তো খাবারের স্বাদ থাকবে না। তবে রন্ধন বিশেষজ্ঞদের মতে, বিকল্প কিছু পদ্ধতি জানা থাকলে একদম বিনা তেলেও অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব। স্বাদের সঙ্গে আপস না করেই শরীর সুস্থ রাখার ৩টি কার্যকর উপায় নিচে দেওয়া হলো:

১. দই দিয়ে ম্যারিনেশন (Yogurt Marination)

প্রচুর তেল দিয়ে কষিয়ে মাছ বা মাংস রান্না না করে দইয়ের সাহায্য নিতে পারেন। মাছ, মাংস বা যেকোনো সবজি রান্নার আগে দই ও মশলা দিয়ে ম্যারিনেট করে রাখুন। যদি ৭-৮ ঘণ্টা মাংস ম্যারিনেট করা যায়, তবে তা অত্যন্ত নরম হয় এবং রান্নার সময় দই থেকে প্রাকৃতিক তেল বের হয়। এর ফলে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না এবং স্বাদও হয় অতুলনীয়।

২. ভাপানো বা স্টিমিং (Steaming)

যেকোনো খাবার ভাপিয়ে রান্না করলে তাতে এক ফোঁটা তেলেরও প্রয়োজন হয় না। এখন বাজারে নানা রকম ইলেকট্রিক ‘স্টিমার’ পাওয়া যায়। ঘরে রাইস কুকার থাকলেও তাতে ভাপে রান্নার কাজ সেরে নিতে পারেন। এছাড়া কড়াইয়ে জল ফুটিয়ে তার ওপর স্ট্যান্ড বসিয়ে বাটিতে খাবার দিয়েও ঢাকনা দিয়ে ভাপানো যায়। এতে খাবারের পুষ্টিগুণ শতভাগ বজায় থাকে এবং তা হজম করাও সহজ হয়।

৩. বেক বা রোস্ট করা (Baking & Roasting)

ভাজাভুজি খাবারের বিকল্প হিসেবে বেকিং হতে পারে সেরা সমাধান। অল্প অলিভ অয়েল ব্রাশ করে সবজি বা মাছ-মাংস সহজেই ওভেনে বেক বা রোস্ট করে নেওয়া যায়। নিচে ‘পার্চমেন্ট পেপার’ ব্যবহার করলে খাবার ট্রে-তে লেগে যাবে না। উচ্চ তাপমাত্রায় বেক করা খাবারে আলাদা এক ধরণের গন্ধ ও স্বাদ তৈরি হয় যা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, জিহ্বার জন্যও তৃপ্তিদায়ক। তবে ওভেনে রান্নার সময় নির্দেশিকাগুলো অবশ্যই মেনে চলতে হবে।

অল্প একটু সচেতনতা আর রান্নার ধরনে পরিবর্তন আনলেই দীর্ঘকাল সুস্থ থাকা সম্ভব। সুস্থ হার্ট এবং পরিমিত ওজনের জন্য আজই তেলের ব্যবহার কমিয়ে এই বিকল্প পদ্ধতিগুলো চেষ্টা করে দেখতে পারেন।

NB
আরও পড়ুন