অতিরিক্ত ঝাল খেলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে?

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

মরিচ বিভিন্নভাবে খাবারের সঙ্গে খাচ্ছি আমরা। কাঁচা মরিচ-শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়া নানানভাবে খাবারে ব্যবহার করছি। কারণ অনেকেই ঝাল খেতে পছন্দ করেন। এমনকি অতিরিক্ত ঝাল খান অনেকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মরিচ খেলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা পরিমিত পরিমাণে মরিচ খাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে যাদের আগে থেকেই ক্যানসারের ঝুঁকি রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত।

২০২২ সালের এক গবেষণায় অতিরিক্ত মরিচ খাওয়ার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। গবেষকেরা ১৪টি পর্যবেক্ষণমূলক গবেষণায় ১১ হাজার ৩১০ জনের তথ্য বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, কম মরিচ খাওয়া ব্যক্তিদের তুলনায় বেশি মরিচ খাওয়া ব্যক্তিদের খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি প্রায় তিন গুণ বেশি।

ক্লিভল্যান্ড ক্লিনিকের টসিগ ক্যানসার সেন্টারের চিকিৎসক ও পরিপাকতন্ত্রের ক্যানসার বিশেষজ্ঞ জোয়েল এন. সল্টজম্যান বলেন, ‘গবেষণাটিতে রোগ শনাক্ত হওয়ার পর আগের খাদ্যাভ্যাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, যারা বেশি মরিচ খেতেন, তাদের মধ্যে খাদ্যনালির ক্যানসারের হার বেশি ছিল।’ তিনি আরও বলেন, ‘সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি। তবে সব গবেষণার ফল একত্রে বিশ্লেষণ করলে এ সম্পর্কের একটি প্রবণতা দেখা গেছে।’

মরিচে থাকা ক্যাপসাইসিন মুখের তাপ ও ব্যথা অনুভব করার গ্রাহককে সক্রিয় করে ঝাল অনুভূতি তৈরি করে। অতিরিক্ত ঝাল খাবার বারবার খেলে খাদ্যনালিতে দীর্ঘস্থায়ী জ্বালাপোড়া ও প্রদাহ হতে পারে। গবেষকদের ধারণা, এ প্রদাহ কোষে পরিবর্তন ঘটিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে মরিচ খাওয়ার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক পাওয়া গেলেও পাকস্থলী বা বৃহদান্ত্রের ক্যানসারের ক্ষেত্রে এমন সম্পর্ক দেখা যায়নি। বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

এখনই মরিচ খাওয়া বন্ধ করার দরকার নেই

অতিরিক্ত মরিচ খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে কি-না, তা নিশ্চিত করে বলার মতো প্রমাণ এখনো নেই। কারণ, গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় ধূমপান, মদ্যপান, জীবনযাপন ও বংশগত বৈশিষ্ট্যের মতো অন্যান্য ঝুঁকি বিবেচনা করা সম্ভব হয়নি। এছাড়া অতিরিক্ত মরিচ খাওয়ার কোনো নির্দিষ্ট পরিমাণও গবেষণায় উল্লেখ করা হয়নি। গবেষণার ফলও অঞ্চলভেদে ভিন্ন। এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকায় বেশি মরিচ খাওয়ার সঙ্গে ক্যানসারের সম্পর্ক পাওয়া গেলেও ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় এমন সম্পর্ক পাওয়া যায়নি বা ঝুঁকি কম থাকার ইঙ্গিত মিলেছে।

পরিমিত পরিমাণে মরিচ খাওয়া নিরাপদ

গবেষকদের ধারণা, অতিরিক্ত মরিচ খেলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে কতটা মরিচ খেলে ঝুঁকি বাড়ে, তা এখনো নির্ধারণ করা যায়নি। সল্টজম্যান বলেন, ‘দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মরিচ খাওয়ার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের হার বেড়ে যাওয়ার সম্পর্ক থাকতে পারে। এই গবেষণা থেকে আমার উপলব্ধি হলো, পরিমিত পরিমাণে মরিচ খাওয়া সম্ভবত নিরাপদ।’

খাবার গিলতে অসুবিধা, অতিরিক্ত অম্লতা বা বুকে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্যারেটস ইসোফেগাস, দীর্ঘমেয়াদি জিইআরডি বা অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকলে বেশি মরিচ খাওয়ার বিষয়ে সতর্ক থাকা জরুরি। এসবই খাদ্যনালির ক্যানসারের ঝুঁকির কারণ।

সূত্র: ভেরিওয়েল হেলথ

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত