সারাদেশে ২৪ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ২৪ হাজার কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব কেন্দ্রে বাড়তি সতর্কতা ও অতিরিক্ত জনবল মোতায়েন থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি জানান, দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবার পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মিলিয়ে প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকছেন। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ, প্রায় ৬ লাখ আনসার, এবং ১ লাখের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের (স্ট্যাটিক, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স) সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহারে বিশেষ জোর দেওয়া হয়েছে। আইজিপি বলেন, ‘নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০ থেকে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং প্রয়োজন অনুযায়ী ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশপথ থেকে নজরদারি চালানো হবে।’

নির্বাচনি সহিংসতার চিত্র তুলে ধরে আইজিপি জানান, ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন। প্রতিটি ঘটনার তদন্ত চলছে। অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩৩০টি অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাংবাদিকদের সাথে পুলিশের পেশাদার আচরণ নিশ্চিত করতে ইউনেস্কো ও ইউএনওডিসির সহায়তায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বাহারুল আলম। তিনি স্বীকার করেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের মানসিকতায় যে পরিবর্তন এসেছিল, তা রাতারাতি বদলানো সম্ভব নয়, তবে আমূল পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইজিপি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের উদাহরণ তৈরি করতে চাই। দেশবাসীই আমাদের এই প্রচেষ্টার মূল্যায়ন করবে।’

FJ
আরও পড়ুন