বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে রাশিয়ার প্রতিনিধি দল এই নির্বাচন প্রক্রিয়াকে সুশৃঙ্খল, আইনসম্মত ও স্বচ্ছ বলে অভিহিত করেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে।
গত ১১-১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা আটটি বড় কেন্দ্রের অধীনে ৪০টিরও বেশি ভোটকক্ষ ঘুরে দেখেন এবং ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
রাশিয়ান পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর এটিই ছিল দেশের মানুষের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন। তারা জানান, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, এমনকি অনেককে পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালট পেপারেই সীমাবদ্ধ ছিল, যা একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ।
পেন্টাগন বা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনার প্রশংসা করে রাশিয়ার প্রতিনিধি দল জানায়, ৯ লাখের বেশি পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতি একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছিল। ভোট গণনার সময় পোলিং এজেন্টদের উপস্থিতি এবং ভিডিও নজরদারি প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়িয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সার্বিক নির্বাচনী ফলাফল বা পরিবেশে কোনো প্রভাব ফেলেনি।
সফরকালে রাশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাভেল আন্দ্রেয়েভ রাশিয়ার সিইসি চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিদের রাশিয়ার আসন্ন ‘স্টেট ডুমা’ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে একটি সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে।
আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
আল-জাজিরার চোখে বিএনপির রাজকীয় প্রত্যাবর্তন ও আগামীর চ্যালেঞ্জ
