সচিবালয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের ৪৫ গাড়ি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রীদের ব্যবহারের জন্য প্রস্তুত করা ৪৫টি সরকারি গাড়ি বাংলাদেশ সচিবালয়ে আনা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে এসব গাড়ি বিশেষভাবে ধুয়ে-মুছে প্রস্তুত করে রাখা হয়েছে।

সংসদীয় রীতি অনুযায়ী, আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ‘সংসদ নেতা’ ও প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী কর্তৃক চূড়ান্ত করা নামের তালিকায় থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আজ বিকেল ৪টায় শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের সচিবালয়ে যাতায়াত ও দাপ্তরিক কাজের সুবিধার্থে সরকারি যানবাহন অধিদপ্তর আগাম প্রস্তুতি নিয়েছে। আজ সকালে সচিবালয়ের নির্দিষ্ট পার্কিং এলাকায় শৃঙ্খলার সাথে গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়। শপথ গ্রহণ শেষ হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারি হলে এসব গাড়ি নতুন দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হবে।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উন্মুক্ত চত্বরে এই শপথ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দুই দশক পর বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। ৪৫টি গাড়ি প্রস্তুত রাখার তথ্য থেকে ধারণা করা হচ্ছে, পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মন্ত্রিসভার আকার ৪০ থেকে ৪৫ জনের মধ্যে থাকতে পারে।

DR
আরও পড়ুন