মন্ত্রী আফরোজা খান রিতা

বিমান ও পর্যটন খাতে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

খোন্দকার দেলোয়ার হোসেন ও হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জের রাজনীতির দুই উজ্জ্বল নক্ষত্র; তাদের প্রদর্শিত পথেই মানিকগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, ‘বেসরকারি বিমান ও পর্যটন খাতে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না।’

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের ঘিওর ও গিলন্ড এলাকায় বিএনপির দুই কিংবদন্তি নেতা—সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত, মোনাজাত শেষে তিনি একথা বলেন।

 

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আগামী এক বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘প্রবাসীরা এ দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা যখন বিমানবন্দরে নামবেন, তখন যেন একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ পান, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের বিমানবন্দরে পা রেখে তারা যেন আমূল পরিবর্তনের ছোঁয়া অনুভব করতে পারেন, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

 

বিমান মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে চলছে। এছাড়া আসন্ন হজ মৌসুমে হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

 

মানিকগঞ্জে আন্তর্জাতিক বিমানবন্দর করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এলাকাবাসীর এই দাবি ও প্রস্তাবটি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করবো। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ও সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’

 

এসময় মন্ত্রী আরো বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি মুক্ত করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন খাতকে গতিশীল করা হবে। জনগণের সাথে করা প্রতিটি কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’

 

এর আগে প্রথমে গিলন্ড মুন্নু সিটিতে গিয়ে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। জিয়ারত শেষে মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এসময় আফরোজা খান রিতা বলেন, ‘খোন্দকার দেলোয়ার হোসেন ও হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জের রাজনীতির দুই উজ্জ্বল নক্ষত্র; তাদের প্রদর্শিত পথেই মানিকগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।’

 

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহার, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকবর হোসেন বাবলু ও আব্দুল হামিদ পবন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ পারভেজ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া প্রমুখ।

 

এর আগে সকালে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি এম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

HN
আরও পড়ুন