চলতি বছরের হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ৩০টি বড় হজ এজেন্সিকে কড়া নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ৩০টি এজেন্সির অধীনে থাকা মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি। তালিকার শীর্ষে রয়েছে ‘বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস’, যাদের ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি। অন্যদিকে, ‘এহসান এয়ার ট্রাভেলস’-এর মাত্র ১০ জনের স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ মার্চের মধ্যে সব দেশের হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। কিন্তু ২০ মার্চের কাছাকাছি সময়ে পবিত্র ঈদুল ফিতরের ছুটি থাকায় বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশের অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া কারিগরি জটিলতা এবং গ্রুপিংয়ের জন্য অতিরিক্ত ৫ থেকে ১০ দিন সময় প্রয়োজন হতে পারে। এ কারণে কোনো ঝুঁকি না নিতে ২০ মার্চের অনেক আগেই অর্থাৎ ৫ মার্চের মধ্যে সব কাজ শেষ করার তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভিসা আবেদনের আগে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং মেনিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ বাধ্যতামূলক। এসব প্রক্রিয়া শেষ না হলে কোনোভাবেই ভিসার আবেদন করা সম্ভব হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
চলতি রোজায় একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
