বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর (UNESCO) একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ (Susan Vize)-এর নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদল আইজিপির সঙ্গে পুলিশের আধুনিকায়ন ও বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতকালে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পায়। এছাড়া সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউনেস্কোর প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে পুলিশ এবং গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং তথ্য আদান-প্রদান সহজতর করতে বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
আইজিপি মো. আলী হোসেন ফকির ইউনেস্কোর এই সদিচ্ছাকে স্বাগত জানিয়ে বলেন,‘একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন।’ তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কোর মধ্যে দীর্ঘমেয়াদী পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
