মহাসড়কে টানা ৬ দিন লরি-ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আগামী ছয় দিন লরি, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, রুট পারমিটবিহীন কোনো বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসগুলোকে সরাসরি গন্তব্যে যেতে হবে। অনুমোদিত কাউন্টার ছাড়া মাঝপথে বা রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ঈদযাত্রার চাপ সামাল দিতে আগামী ২৫, ২৬ ও ২৭ মে উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটি একমুখী (One-way) করা হয়েছে। এই সময়ে এই পথে কেবল ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যানজট এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি:
বনানী থেকে আব্দুল্লাহপুর (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক)।
যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক)।
শ্যামলী থেকে গাবতলী (মিরপুর রোড)।
ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ (ঢাকা-কেরানীগঞ্জ সড়ক)।
আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এবার ঈদ উপলক্ষে ঢাকা ছাড়বেন প্রায় এক কোটির বেশি মানুষ এবং রাজধানীতে প্রবেশ করবেন প্রায় ৩০ লাখ মানুষ। এই বিশাল জনস্রোত সামাল দিতেই ট্রাফিক ব্যবস্থাপনায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন