ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন শেখ রবিউল আলম। এক সাংবাদিক মহাখালী বাস টার্মিনালে পাঁচ গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ তুললে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, 'আপনার কাছে যদি রেকর্ড থাকে চলেন। আপনি আমার গাড়িতে ওঠেন। চলেন।'
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘটনা ঘটে।
মন্ত্রী বলেন, 'কোন কাউন্টার বাড়তি ভাড়া নিয়েছে বা চেয়েছে, দেখাতে পারেন, চলেন।' তিনি দাবি করেন, গাবতলী ও মহাখালী ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাননি।
শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ, র্যাব, বিআরটিএর ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। কোথাও বিচ্ছিন্ন অনিয়মের চেষ্টা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ক্যামেরা সরিয়ে সাধারণ যাত্রীর বেশে বাস কাউন্টারগুলোতে গিয়ে তথ্য সংগ্রহ করতে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশের মানুষ পাঁচ গুণ ভাড়া চাইবে আর যাত্রীরা তা দিয়ে বাড়ি যাবে, এটা সাধারণ ঘটনা হতে পারে না।' তাঁর দাবি, কাউন্টারের বাইরে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করতে পারে, তবে সরকার সেটিও নজরদারিতে রেখেছে।
ঈদযাত্রায় সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু যমুনা সেতু এলাকায় কিছুটা চাপ থাকলেও সেটিও দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এবছর ঈদযাত্রায় দুর্ঘটনায় ‘মৃত্যুর মিছিল’ শব্দে সড়কমন্ত্রীর আপত্তি