রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় তিনি রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাস ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নগরীর ভেতরে অবস্থিত এসব টার্মিনাল বহু বছর ধরে ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। প্রতিদিন হাজার হাজার বাসের প্রবেশ ও অবস্থান শহরের প্রধান সড়কগুলোতে চাপ সৃষ্টি করছে। ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি নির্দেশ দেন, পর্যায়ক্রমে এসব টার্মিনালের বাস ডিপো শহরের বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তর করতে হবে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় যানবাহনের চাপ কমবে এবং নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় বাস টার্মিনালগুলো শহরের ভেতরে নয়, বরং শহরের বাইরে স্থাপন করা হয়। এতে যাত্রীদের জন্য নির্দিষ্ট রুটে শাটল সার্ভিস চালু করা সম্ভব হয়, যা যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখে। তিনি উদাহরণ টেনে বলেন, বিশ্বের অনেক বড় শহরে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে এবং তা সফলভাবে কাজ করছে।
সভায় নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজধানীতে মেট্রোরেল, বিআরটি ও নতুন বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের সঙ্গে সমন্বয় করে টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অংশগ্রহণকারীরা জানান, টার্মিনাল স্থানান্তরের ফলে শুধু যানজটই কমবে না, বরং শহরের কেন্দ্রীয় অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং পরিবেশ দূষণও কমবে।
বেনজীরকে ফেরাতে দুদকের প্রক্রিয়া শুরু
ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু হচ্ছে ২৭ জুলাই: বিমানমন্ত্রী