প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৫৬ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে আধুনিক ‘ম্যাথ ল্যাব’ (গণিত গবেষণাগার) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে (বাড্ডা) অবস্থিত গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে ধাবিত হচ্ছে। এই বৈশ্বিক পরিবর্তনের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খাপ খাওয়াতে হলে শৈশব থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি মজবুত করা আবশ্যক। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক, আনন্দময় ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এই ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার এমন একটি যুগোপযোগী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিশু ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে গড়ে তোলার সমান সুযোগ পাবে। ম্যাথ ল্যাব দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা ও প্রযুক্তিবান্ধব করে তোলার পাশাপাশি একটি স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত