ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময় নির্ধারণ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে গত ৩০ জুন জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। এ লক্ষ্যে চলতি জুলাই মাসজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠী যেমন- তৃতীয় লিঙ্গ, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্যও আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া ও শর্তাবলি

নির্দেশনা অনুযায়ী, যোগ্য আবেদনকারীদের আগামী ১ থেকে ৩১ আগস্টের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইট (dss.bhata.gov.bd/online-application) ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে।

স্থায়ী ঠিকানা ও অ্যাকাউন্ট: আবেদনকারীদের অবশ্যই নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত একটি সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের সচল মোবাইল বা ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হবে।

প্রতিবন্ধী ভাতা: প্রতিবন্ধী ভাতার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর 'সুবর্ণ নাগরিক কার্ড' থাকা বাধ্যতামূলক।

অযোগ্য ও অপেক্ষমাণ তালিকা: যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। তবে যারা পূর্বে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনসমূহ একসাথে যাচাই-বাছাই করা হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দ সাপেক্ষে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা চলতি বছরের ১ জুলাই থেকে এই ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাবেন। দেশের আটটি বিভাগের সমাজসেবা কার্যালয়গুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত