কৃষি ও সেচ সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

দেশের গ্রামীণ জনপদের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বিবেচনা করে ইতিমধ্যে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের মৌলিক অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রায় পাঁচ দশকের পথচলায় সিরডাপের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর চ্যালেঞ্জ মোকাবিলায় সিরডাপের উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

SN
আরও পড়ুন