শুধু চারা রোপণ করলেই হবে না, বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সুফল পেতে হলে প্রতিটি গাছের শিশুর মতো যত্ন নিশ্চিত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি শিশুকে যেমন আমরা আদর-যত্নে বড় করে তুলি, ঠিক তেমনি একটি গাছের চারা লাগানোর পর সেটির সঠিক পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে তা আমাদের বিশুদ্ধ বাতাস ও ছায়া দেবে, যা সরাসরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপকৃত করবে।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব তুলে ধরে সরকারপ্রধান উল্লেখ করেন যে, দেশে প্রয়োজনের তুলনায় বনের পরিমাণ অনেক কম। জলবায়ুর পরিবর্তনের ফলেই এখন আগের মতো শীত পড়ছে না এবং গরমের তীব্রতা বাড়ছে। এই সংকট থেকে বাঁচতে দেশজুড়ে ব্যাপকভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উদ্বোধনী দিনে নবখননকৃত খালের পাড়ে আড়াই হাজার চারা রোপণ করা হয়। একই সাথে তিনি দেশের পরিবেশ রক্ষায় যেখানে-সেখানে ময়লা ও পলিথিন না ফেলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। খাল ও নদীতে প্লাস্টিক ফেলার কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।
বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী