বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

বন্যাকবলিত ১১ জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। একই সঙ্গে সম্ভাব্য রোগব্যাধি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী ও জনবল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতিতে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় সব ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম পাঠানো হচ্ছে, যাতে কোনো রোগী চিকিৎসার অভাবে ভোগান্তিতে না পড়েন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বন্যার পর সাধারণত কলেরাসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে এখন পর্যন্ত বন্যাকবলিত কোনো এলাকা থেকে কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি। তারপরও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গেও কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কারকাজ করছে। এসব কাজ শেষ হওয়ার পর হাসপাতালটি পুনরায় পরিদর্শন করা হবে এবং সেই পরিদর্শনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

AS
আরও পড়ুন