কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। একই সঙ্গে রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছে এবং কাতারের সরকার, রাজপরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে কাতার সরকার, দেশটির রাজপরিবার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী জানান, সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে আগামী ১৬ জুলাই বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এ ছাড়া কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

রোববার কাতারের আমিরের কার্যালয় এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করলে তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের আমিরের দায়িত্ব গ্রহণ করেন।

Attr
আরও পড়ুন