দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি জনগণের সরকার এবং তারা সবসময় জনগণের পাশে আছে ও থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বন্যা-ক্ষতিগ্রস্ত সব এলাকায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই জরিপ শেষ হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন কাজ শুরু হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি স্থানীয় ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে তাগিদ দেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

SN
আরও পড়ুন