স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি গড়ে তুলতে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই ও উৎপাদনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের নির্মাতাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি। দেশে তৈরি এই চিকিৎসাসামগ্রী ব্যবহারযোগ্য করে তোলা ও বাজারজাত করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
দুটি পৃথক বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষার পর এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে। দেশে তৈরি হওয়ায় যন্ত্র দুটির দাম তুলনামূলক কম হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করে তুলবে বলে সভায় জানানো হয়।
শ্বাসকষ্টের গুরুতর সমস্যায় ভেন্টিলেটর জীবনরক্ষাকারী যন্ত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর নিরাপত্তা ও কার্যকারিতা আন্তর্জাতিক মানের কি না, তা যাচাইয়ে আরও ব্যাপক পরীক্ষা চালানো হবে। অন্যদিকে হাই-ফ্লো অক্সিজেন মেশিনের একটি বড় সুবিধা হলো, এটি বিদ্যুৎ ছাড়াই চালানো যায়, ফলে বিদ্যুৎবিহীন এলাকায় বা অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সময়ও এটি কাজে লাগবে। সংশ্লিষ্টদের ধারণা, এই দুই যন্ত্রের উৎপাদন সফল হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা অনেকটাই কমবে।
সভায় উপস্থিন ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বুয়েটের প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে।
টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই