আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন এমন একটি সাক্ষাৎকার প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, একজন ব্যক্তি ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করতে চান, তবে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, তিনি দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আইন যেভাবে ক্ষমতা দিয়েছে, সেভাবেই তা প্রয়োগ করা হবে।
শেখ হাসিনার পাসপোর্ট না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে আসবেন, সেটি তার বিষয়। তবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশেষ আলোচনা হয়নি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তিনি বলেন, পরবর্তী সংসদ অধিবেশন ৬০ দিনের মধ্যে হওয়ার কথা থাকায় আপাতত বিশেষ অধিবেশনের প্রয়োজনীয়তা দেখছেন না। তবে সরকার প্রয়োজন মনে করলে বিশেষ অধিবেশন ডাকতে পারে।
প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন ৩ প্রতিবন্ধী
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে মন্ত্রিপরিষদ বিভাগের সতর্কবার্তা