যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
ঢাকায় সফরের প্রথম দিন, বৃহস্পতিবার, সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকের পর বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদের ঘোষণা দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ) নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এ সিদ্ধান্তের কথা জানান। এর ফলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশকে আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। তারা ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় প্রতিনিধিদলের সামনে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে দ্রুত নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের দাবি জানান।
রাজনৈতিক পরিবর্তন এলেও প্রশাসনে রয়ে গেছে পুরোনো দুর্নীতির ছাপ
অবশেষে আলোর মুখ দেখছে নতুন মেট্রোরেল প্রকল্প