তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত, আহত ১৪৫

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের, আহত হয়েছেন ১ হাজার ২২৭ জনের বেশি। এ ছাড়া সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক ও মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং হেফাজতে মৃত্যুর মতো ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৯, জামায়াতের ২, আওয়ামী লীগের ৩ এবং অন্যান্য দলের ৩ জন রয়েছেন।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ৬৯টি সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ৩১টি ঘটনায় একজন নিহত ও ৩৩৮ জন আহত হন।

এ সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৬টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৫৪১ জনের নাম উল্লেখ করে প্রায় ৭ হাজার ৯১৫ জনকে আসামি করা হয়েছে। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৫৭৭ জন।

নির্যাতন ও হয়রানির শিকার ১৩৫ সাংবাদিক

প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে সাংবাদিক নির্যাতন ও হয়রানির ৮৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন সাংবাদিক। তাঁদের মধ্যে ৬৩ জন আহত, ২৭ জন লাঞ্ছিত এবং ১৮ জন হুমকির শিকার হয়েছেন। এ ছাড়া ৯ জন সাংবাদিককে আটক করা হয়। সাইবার সুরক্ষা আইনের চারটি মামলায় ১৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের চিত্র উদ্বেগজনক

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৭৮৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৫৩ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ব্যক্তিদের মধ্যে ১৫৪ জনের বয়স ১৮ বছরের নিচে। ধর্ষণের পর ১২ জনকে হত্যা করা হয়েছে।

একই সময়ে ৭৩৩টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। এসব ঘটনায় ১৮৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পারিবারিক সহিংসতায় ১৩৭ জন নারী নিহত হয়েছেন।

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু ১৬৪ শ্রমিকের

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসে শ্রমিক নির্যাতনের ২৫১টি ঘটনায় ৭১ জন নিহত এবং ২৬০ জন আহত হয়েছেন। একই সময়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া তিন মাসে কারাগারে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে পাঁচজন এবং নির্যাতনের শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এমইউ
আরও পড়ুন