ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

পাবনা-ঢাকা রুটে চালু হতে যাওয়া নতুন দুই আন্তনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেসের’ টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রাথমিকভাবে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।

পাবনা থেকে ঢাকা রুটে ট্রেনের মূল ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হয়ে মোট ভাড়া দাঁড়াচ্ছে ৪৪৫ টাকা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন দুটির উদ্বোধন করা হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। বিশেষ যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে থামবে।

নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর। ওই দিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। অন্যদিকে, ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত