ফটিকছড়িতে ফের গুলিবর্ষণ: আহত ৩, অটোরিকশাচালক আটক

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে আবারও প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবার উপজেলার সুয়াবিলের চুরখাঁহাট বাজার এলাকায় গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকার চুরখাঁহাট বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শোভনছড়ির দিক থেকে বাজারে আসছিলেন। পথে অটোরিকশা থেকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় লোকজন তাঁদের থামানোর চেষ্টা করলে বাজার এলাকায়ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। তাঁদের মধ্যে শওকত মাথায় এবং হাশেম হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী হাশেম, জাহাঙ্গীর ও ইরফান জানান, ঘটনার পর অটোরিকশাটির আরোহীরা বারোমাসিয়া এলাকার দিকে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে বৈদ্যেরহাট এলাকায় চালককে আটক করেন। পরে খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ তাকে হেফাজতে নেয়।

আটক চালক স্থানীয়দের কাছে নিজের নাম জাবেদ বলে পরিচয় দিয়েছেন। তিনি চট্টগ্রাম-গ-১১-২৬৮৮ নম্বরের অটোরিকশাটির চালক এবং নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে গুলির খোসা পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন।

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগরের তেমুহনী বাজারে নিজ দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী।

এক দিনের ব্যবধানে উপজেলার দুটি এলাকায় গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমইউ
আরও পড়ুন