নতুন সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরপরই সেনাবাহিনীকে মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ‘সিএএস দরবারে’ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সেনাপ্রধান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সেনাসদস্যদের মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বাহিনী বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।’

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘প্রতিকূল ও সংবেদনশীল পরিবেশে আমাদের সদস্যরা অসাধারণ দায়িত্বশীলতা, ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। এ জন্য আমি ব্যক্তিগতভাবে সবার প্রতি কৃতজ্ঞ।’

সেনাপ্রধান আরও উল্লেখ করেন, গত দেড় বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে, তা জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রেখে দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সেনাবাহিনী সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে কোরআনের আয়াত উদ্ধৃত করে সেনাপ্রধান ধৈর্যশীলদের পুরস্কারের কথা মনে করিয়ে দেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও বীরত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

FJ
আরও পড়ুন