তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই অনুষ্ঠানে দিল্লির প্রতিনিধিত্ব করবেন।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় হাইকমিশন সূত্র আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। নরেন্দ্র মোদী সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তবে একই সময়ে ভারতে ‘এআই সামিট’ (AI Summit) অনুষ্ঠিত হতে চলায় তিনি সশরীরে উপস্থিত হতে পারছেন না।

ভারতে আয়োজিত ওই শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ইভেন্টে ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোট নিরঙ্কুশ জয় পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

FJ
আরও পড়ুন