ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:০৭ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বিবেচনায় সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটি শেষ হলে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ পরিস্থিতি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ঈদের ছুটিতে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে সরেজমিনে বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি পরিদর্শন-সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

গ্রাহক ভোগান্তি কমাতে নির্ধারিত বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য স্থানীয়ভাবে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরও সম্পৃক্ত করার কথা বলা হয়েছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানো এবং বিতরণকারী সংস্থাগুলোর ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে ঈদকালীন সারা দেশে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

AS
আরও পড়ুন