নির্বাচনের ভোটে জিততে কেউ ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেউ ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নাম্বার নিচ্ছে। তাদের এসব কিছু করতে জনগণ বিভ্রান্ত হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর মেহেদিবাগ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশে ভোট উৎসবের পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া নির্বাচনি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বানও জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ৪২ দল মিলে ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে তারা জনগণের কাছে দায়বদ্ধ। তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যারা সংহতি প্রকাশ করবে, তাদের সঙ্গে সরকারের বিষয়ে আলোচনা হতে পারে। সরকার গঠনের ক্ষেত্রে দর্শনগত মিল ও ভবিষ্যৎ কর্মসূচিতে একমত হওয়া প্রয়োজন। ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে হবে।
বন্দর প্রসঙ্গে আমীর খসরু বলেন, একটি দেশের উন্নয়নে বন্দরের কার্যকারিতা গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও পরিচালন দক্ষতা বিবেচনায় নেন। এসব সূচকে উন্নতি এনে চট্টগ্রামকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য ইসরাফিল খসরু প্রমুখ।
তারেক রহমান গণতন্ত্রের মশালবাহক: আমীর খসরু
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
