ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সদর আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়জুল করিম বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। তবে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। তাই ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কারচুপির শঙ্কা থেকেই যাচ্ছে। আমরা চাই না জনগণের দেওয়া ভোটের ফলাফল ঘুরিয়ে অন্যভাবে প্রকাশ করা হোক।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ভোট দেওয়ার জন্য এতদিন চাতক পাখির মতো চেয়ে ছিল। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সেই সুযোগ আজ এসেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, জনগণকে যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।’
ভোটের পরিবেশ নিয়ে এখনই শঙ্কামুক্ত নন জানিয়ে তিনি বলেন, ‘বাইরে পরিবেশ সুষ্ঠু থাকলেও ভেতরে অনেক কিছু হতে পারে। ভোটাররা যেন তাদের রায় সঠিকভাবে জানতে পারে, সেটিই বড় চ্যালেঞ্জ। ফলাফল শেষ না হওয়া পর্যন্ত আমরা সতর্ক অবস্থানে থাকব।’
উল্লেখ্য, দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার পর অনুষ্ঠিত এই নির্বাচনে বরিশালের আসনগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে।
ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান নাহিদ ইসলামের
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ
