রমজান জুড়ে জামায়াতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

রমজানের পবিত্রতা রক্ষা ও পুরোমাসকে স্বাচ্ছন্দময় করতে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ঢাকা  মহানগরী’ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

 বুধবার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও বাজারের আশেপাশে পালিত হয়। মহানগরী আমীর নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

রাজধানীর উত্তরায় কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নগর জীবনকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে  সকলকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে কাউকে উদাসীন থাকার সুযোগ নেই। আর সুনাগরিক হিসাবে এ দায়িত্ব কেউই এড়াতে পারে না।

তিনি বলেন, নগরবাসীর জন্য মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ ও সাবলীল করতে আমাদের এ অভিযান মাসব্যাপী চলবে। তিনি ঢাকা নগরীর পরিবেশকে সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখতে খোলা মন  নিয়ে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। উদ্দেশ্য, তাকওয়া অর্জন এবং হক্ব-বাতিল এবং হারাম-হালাল চিনে বাস্তবজীবনে তার প্রতিফলন ঘটানো। এ মোবারক মাসেই বিশ্বমানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। মূলত, কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। তিনি দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, উত্তরা অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান প্রমুখ।

AHA
আরও পড়ুন