জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন।
আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে, মন্ত্রী সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। ধানমন্ডি আবাহনী মাঠে বড় পরিসরে আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়েই শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি।
এনসিপি নেতা আরও জানান, এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা দেবেন।
উল্লেখ্য, এনসিপি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে ইফতার মাহফিলটি অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: সারজিস আলম
