মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, আগুন ধরে গেছে বাহরাইনের শিল্প স্থাপনায়

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সময়ে ইরানি হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদরদপ্তর অবস্থিত।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বিরাজ করছে, এই হামলা তারই সবশেষ সংযোজন। ওই ঘটনার পর থেকেই উপসাগরীয় আরব দেশগুলো চলমান সংঘাতে জড়িয়ে পড়ে এবং অঞ্চলজুড়ে দফায় দফায় ইরানি হামলা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ক্ষতিগ্রস্ত শিল্প স্থাপনাটির আগুন নেভাতে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা কাজ করছেন। তবে নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির নাম বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

হামলার আগে সম্ভাব্য বিপদের আভাস দিয়ে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই পুনরায় সতর্কতা জারি করা হয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশ কিছু আকাশপথের হামলা মাঝআকাশেই রুখে দিয়েছে। প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষ বা শ্র্যাপনেলের আঘাতে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় তেহরানের বিরুদ্ধে 'পরিকল্পিত বৈরী আচরণের' অভিযোগ তুলেছে মানামা।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন ও চলমান আগ্রাসনের জবাব দিতেই তাদের মহাকাশ বাহিনী বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে এই যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে।

আইআরজিসির এই হামলার দাবির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বক্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকেই উপসাগরীয় আরব দেশগুলোতে তেহরানের ধারাবাহিক হামলা চলছে এবং সাম্প্রতিক দিনগুলোতে এমন একাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন।

 

সূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত