পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ বা হারাম শরীফ এলাকায় আসা ওমরাহ পালনকারী ও হজযাত্রীদের জন্য স্বাস্থ্যসেবায় বড় ধরণের সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণে কোনো মুসল্লি হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুততম সময়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার জন্য ‘সেফ হার্ট জোন’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। মক্কা হেলথ ক্লাস্টারের উদ্যোগে এবং কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটির পরিচালনায় এই জীবনরক্ষাকারী সেবাটি চালু হয়। খবর আরব নিউজের।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পবিত্র কাবার প্রাঙ্গণে অবস্থানরত মুসল্লিদের হৃদরোগজনিত জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়া। বিশেষ করে রমজান ও হজের সময় যখন কয়েক লাখ মানুষ একসঙ্গে সমবেত হন, তখন ভিড়ের মধ্যে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। ‘সেফ হার্ট জোন’ সেই সমস্যার সমাধান করবে।
প্রকল্পের বিশেষ সুবিধাসমূহ:
- ইনটেনসিভ কেয়ার: প্রকল্পের আওতায় ১০টি অত্যাধুনিক কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড স্থাপন করা হয়েছে।
- বিশেষজ্ঞ দল: ৩০ জন উচ্চ প্রশিক্ষিত হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীর একটি দল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
- মোবাইল ল্যাব: হারাম হাসপাতালের মাধ্যমে একটি ‘মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাব’ ব্যবহার করা হবে, যা ইন্টারভেনশনাল কার্ডিওলোজি সেবা প্রদানে সক্ষম।
- জীবনরক্ষাকারী প্রযুক্তি: সংকটাপন্ন রোগীদের জন্য ‘ইসিএমও’ (ECMO), হার্টে রিং বা স্টেন্ট পরানো এবং বিশেষায়িত ওষুধের মজুত রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথেটারাইজেশন পরবর্তী পরিচর্যা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত ক্লিনিক্যাল প্রটোকল মেনে রোগীদের অন্য কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অধীনে স্বাস্থ্যখাত রূপান্তরের অংশ হিসেবে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওমরাহ ও হজ যাত্রীরা পবিত্র নগরীতে আরও নিরাপদ ও সমন্বিত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
ঈদুল ফিতর কবে জানালো পাকিস্তান
আজ মসজিদে হারাম ও নববিতে জুমার নামাজ পড়াবেন যারা
