আজ পবিত্র জুমাতুল বিদা

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১০:৪২ এএম

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি ‘জুমাতুল বিদা’ হিসেবে পালিত হচ্ছে। বছর ঘুরে আসা মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনলগ্নে এই দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের মনে যেমন তৃপ্তি দেয়, তেমনি প্রিয় মাসটিকে বিদায়ের বিষণ্ণতাও তৈরি করে।

পবিত্র রমজান মাসের শেষ জুমাবার হিসেবে দিনটির বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। ইসলামি বিধান অনুযায়ী, জুমার দিন এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর রমজানের শেষ জুমা হওয়ার কারণে এর সওয়াব ও মর্যাদা বহুগুণ বেশি। মুসলমানদের বিশ্বাস, জুমাতুল বিদার মাধ্যমে মহান আল্লাহর দরবারে ইবাদত-বন্দেগির বিশেষ সুযোগ তৈরি হয় এবং গুনাহ মাফের পথ প্রশস্ত হয়।

আজ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে। খুদবায় রমজানের শিক্ষা ও পাথেয় নিয়ে আলোচনা করা হবে। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মহান আল্লাহর দরবারে কান্নাকাটি ও ফরিয়াদ জানাবেন লাখো মানুষ।

রমজানের শেষ শুক্রবারটি বিশ্বজুড়ে ‘আল কুদস’ দিবস হিসেবেও পালিত হয়। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদুল আকসাকে দখলমুক্ত করার দাবিতে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এদিন জুমার পর বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে থাকে।

জুমাতুল বিদার মধ্য দিয়েই মূলত রমজানকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। মুমিন হৃদয়ে এখন বেজে উঠছে- ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাদান’।

NB/
আরও পড়ুন
সর্বশেষপঠিত