রেডিও শুনে কোরআনে হাফেজ সত্তোরোর্ধ্ব ২ মিসরীয় নারী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ এএম

অক্ষরজ্ঞান নেই, পড়তে বা লিখতেও পারেন না। তবুও কেবল অদম্য ইচ্ছাশক্তি আর রেডিওর তেলাওয়াত শুনে পুরো পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মিসরের সত্তরোর্ধ্ব দুই নারী—সুকরা ও সানা।

আরবি সংবাদমাধ্যম 'টেলিগ্রাফ মিসর'-এর খবর অনুযায়ী, দেশটির মেনুফিয়া প্রদেশের বাসিন্দা সুকরা ৫০ বছর বয়সে কোরআন হিফজ করা শুরু করেন। গ্রামের এক নারীর অনুপ্রেরণায় প্রতিদিন মাত্র দুই আয়াত শুনে শুনে তিনি তা মুখস্থ করতেন।

পড়াশোনা না জানার কারণে রেডিওর তেলাওয়াত আর স্থানীয় হিফজ আসরই ছিল সুকরার একমাত্র ভরসা। ১৬ পারা মুখস্থ থাকার পর তাঁর স্বামী মারা গেলেও তিনি দমে যাননি; অদম্য কষ্টে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন।

অন্যদিকে তার বান্ধবী সানাও প্রায় ১০ বছরের নিরলস পরিশ্রমে পুরো কোরআন মুখস্থ করেছেন। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি তাঁর স্বামীকে মুখস্থ পড়া শোনাতেন এবং সাম্প্রতিক এক বৈঠকে এক টানা প্রায় সাত ঘণ্টা কোরআন তেলাওয়াত করেন।

বর্তমানে সত্তোরোর্ধ্ব এই দুই বান্ধবী প্রতিদিন পাঁচ পারা করে কোরআন পুনরাবৃত্তি বা দাওর করছেন। অনন্য এই অর্জনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন তারা।

সূত্র: টেলিগ্রাফ মিসর

এইচএন
আরও পড়ুন