মাত্র ১১ জনের স্থায়ী বসতি। চারদিকে বিশাল পাথর, পাহাড়, ঝরনা আর ঘন বন। বিদ্যুতের মূল গ্রিডের সঙ্গে যুক্ত নয় উপত্যকার ১২টি গ্রামের ১১টি। অথচ শত শত বছর ধরে এখানকার মানুষ প্রকৃতির বিশাল পাথরকে কাজে লাগিয়ে তৈরি করেছে আশ্রয়, গুদামঘর ও খাবার সংরক্ষণের জায়গা। সুইজারল্যান্ডের বাভোনা উপত্যকার এই ব্যতিক্রমী জীবনধারা যেন প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার এক বিস্ময়কর ইতিহাস।
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার দুর্গম বাভোনা উপত্যকা। চারদিকে খাড়া পাহাড়, বিশাল পাথরের স্তূপ আর সরু উপত্যকা। কখনো ঝড়-বৃষ্টি, কখনো ভূমিধস, আবার কখনো পাহাড় থেকে নেমে আসা পাথরের ধস প্রকৃতি এখানে যেমন অপরূপ, তেমনি ভয়ংকর। এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য বহু শতাব্দী আগে স্থানীয় মানুষ এক অভিনব কৌশল আবিষ্কার করেছিল। পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরের নিচের ফাঁকা জায়গাকে তারা মানুষের আশ্রয় ও পশুর নিরাপদ আবাসে পরিণত করে।
স্থানীয় ভাষায় এসব পাথুরে আশ্রয়কে বলা হয় ‘স্প্লুই’ (Splüi)। বিশাল পাথরের নিচে দেয়াল তুলে, দরজা বসিয়ে এবং ভেতরের অংশ প্রয়োজনমতো খনন করে তৈরি করা হয়েছে এসব স্থাপনা। কোথাও এগুলো মানুষের আশ্রয়, কোথাও পশুর থাকার জায়গা, আবার কোথাও খাবার ও কৃষিপণ্য সংরক্ষণের গুদাম হিসেবে ব্যবহৃত হয়েছে।
বাভোনা উপত্যকা ও বৃহত্তর ম্যাগিয়া উপত্যকা অঞ্চলে এ ধরনের প্রায় ৪০৫টি স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে টিকে থাকা সবচেয়ে পুরোনো নিদর্শনগুলোর বয়স মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত।
পাথরের নিচে গড়ে উঠেছে এক ভিন্ন জগৎ
বাভোনা উপত্যকা সুইজারল্যান্ডের টিচিনো ক্যান্টনের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এর দৈর্ঘ্য মাত্র ১২ দশমিক ১ কিলোমিটার। সবচেয়ে সরু অংশে প্রস্থ কয়েক শ মিটারের বেশি নয়। উপত্যকায় রয়েছে ১২টি ছোট পাথুরে গ্রাম বা বসতি, যেগুলোকে স্থানীয়ভাবে ‘তেরে’ (Terre) বলা হয়। এর মধ্যে ১১টি গ্রাম এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে।
এখানকার বিশাল পাথরগুলো প্রথম দেখায় নিছক প্রাকৃতিক প্রতিবন্ধকতা মনে হতে পারে। কিন্তু স্থানীয় মানুষের কাছে এগুলো একসময় ছিল জীবন বাঁচানোর অবলম্বন। পাথরের নিচে প্রাকৃতিকভাবে তৈরি ফাঁকা জায়গাগুলোকে কাজে লাগিয়ে তারা দেয়াল নির্মাণ করেছে, দরজা বসিয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভেতরের অংশ সাজিয়েছে।
বৃষ্টি, তুষারপাত কিংবা পাহাড়ি ঝড়ের সময় এসব আশ্রয় মানুষ ও পশুকে নিরাপদ রাখত। পাশাপাশি শস্য, পনির, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংরক্ষণেও এগুলো ব্যবহৃত হতো।
কৃষিজমি মাত্র দেড় শতাংশ
বাভোনা উপত্যকার মানুষের জীবনযাত্রা বুঝতে হলে সেখানকার ভূপ্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন। উপত্যকাটি বিশাল পাথর ও খাড়া পাহাড়ে ঘেরা। ফলে মোট এলাকার মাত্র ১ দশমিক ৫ শতাংশ চাষাবাদের উপযোগী।
ধারণা করা হয়, নব্যপ্রস্তর যুগ থেকেই এ অঞ্চলে মানুষের উপস্থিতি ছিল। তখনকার শিকারিরা ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে প্রাকৃতিক পাথরের নিচে আশ্রয় নিতেন। পরবর্তী সময়ে মানুষ এসব পাথুরে আশ্রয়ে দেয়াল ও দরজা যুক্ত করে স্থায়ী ব্যবহারের উপযোগী করে তোলে।
স্থানীয় গাইড তানিয়া হার্ভে চিয়াম্পির ভাষায়, আল্পস অঞ্চলে ঐতিহ্যবাহী শস্যাগার বা গোয়ালঘর অনেক জায়গায় দেখা যায়। কিন্তু প্রাচীন স্প্লুই কেবল বাভোনা উপত্যকাতেই পাওয়া যায়।
পাথরের ঘর থেকে খাবারের গুদাম
মানুষ যখন উপত্যকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন তারা পাথর দিয়ে দুই তলাবিশিষ্ট বাড়ি তৈরি করে। এসব বাড়িকে বলা হয় ‘রুস্তিচি’ (Rustici)। আর স্প্লুইয়ের ব্যবহার ধীরে ধীরে বদলে যায়।
কোনোটি হয়ে ওঠে ভূগর্ভস্থ গুদাম বা সেলার, কোনোটি পনির রাখার জায়গা, আবার কোনোটি খড় সংরক্ষণের ঘর। কোথাও বাদাম বা চেস্টনাট শুকিয়ে ধোঁয়ার মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। একটি স্প্লুইয়ে তাঁত রাখার ব্যবস্থা ছিল। আবার সত্ত পিওদাউ নামের স্থানে একটি পাথুরে আশ্রয় নেকড়ের ফাঁদ হিসেবেও ব্যবহৃত হতো।
এভাবেই প্রাকৃতিক পাথরকে ব্যবহার করে স্থানীয় মানুষ তৈরি করেছিল প্রয়োজনভিত্তিক এক অনন্য স্থাপত্যব্যবস্থা।
বিদ্যুৎ ছাড়াই ১১টি গ্রাম
১৬ শতক থেকে বারবার বন্যা, ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার কারণে উপত্যকাটির অনেক এলাকা ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। যারা গ্রীষ্মকালে সেখানে থাকতেন, তাঁরা পশুপালন ও মৌসুমি চারণভূমির ওপর নির্ভর করতেন। পশু নিয়ে এক মৌসুমি চারণভূমি থেকে অন্যটিতে যাওয়ার এই জীবনধারাকে বলা হয় ট্রান্সহিউম্যান্স।
সুইজারল্যান্ডের অন্যান্য অঞ্চল যখন আধুনিকায়নের পথে এগিয়েছে, বাভোনা উপত্যকার মানুষ তখনও নিজেদের পুরোনো জীবনধারা ধরে রেখেছে। ১৯৫০-এর দশকে জলবিদ্যুৎকেন্দ্র ও বাঁধ নির্মাণের পর উপত্যকার গ্রামগুলোকে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ১২টি গ্রামের মধ্যে ১১টি গ্রামই বিদ্যুৎ সংযোগ না নেওয়ার পক্ষে ভোট দেয়। কেবল সান কার্লো গ্রাম বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়।
তবে বিদ্যুৎবিহীন থাকার অর্থ এই নয় যে আধুনিক প্রযুক্তির সব সুবিধাই তারা প্রত্যাখ্যান করেছে। ১৯৮০-এর দশক থেকে ধীরে ধীরে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হয়। বিশেষ করে রেফ্রিজারেটর চালানোর জন্য সৌরশক্তি এবং পানি গরম করা ও রান্নার জন্য গ্যাস ব্যবহার করা হচ্ছে।
এখনো টিকে আছে পুরোনো জীবনধারা
উপত্যকার অধিকাংশ স্প্লুই এখন পরিত্যক্ত। তবে কিছু স্থাপনা এখনো ব্যবহৃত হচ্ছে। মোনদাদা গ্রামের ‘স্প্লুই দেল ফোরনো’ নামের একটি স্থাপনায় রয়েছে রুটির চুলা।
এসব প্রাচীন স্থাপনা দেখার জন্য রয়েছে ১৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ট্রান্সহিউম্যান্স ট্রেইল। এই পথ ধরে হাঁটলে দেখা যায় পাথুরে আশ্রয়, পাহাড়ি চারণভূমি এবং বিখ্যাত ফোরোলিও জলপ্রপাত। রিতোর্তো, মোনদাদা ও সাব্বিওনে এলাকায় স্প্লুইয়ের সংখ্যা তুলনামূলক বেশি।
স্থানীয় বাসিন্দারা এখনো কিছু স্প্লুইয়ে পনির ও ওয়াইন সংরক্ষণ করেন। তাই সব স্থাপনায় প্রবেশের সুযোগ নেই। তবে যেগুলো খোলা থাকে, সেগুলো সতর্কতার সঙ্গে ঘুরে দেখা যায়।
বড় পাথরের ওপরেও কোথাও কোথাও সবজির বাগান গড়ে তুলেছেন স্থানীয়রা। প্রকৃতির দেওয়া প্রতিকূলতাকেই তাঁরা কাজে লাগিয়েছেন নিজেদের প্রয়োজনে।
মাত্র ১১ জনের স্থায়ী বসতি
বাভোনা উপত্যকার অধিকাংশ পরিবার এখন আর সারা বছর সেখানে থাকে না। অনেকেই গ্রীষ্মকালে উপত্যকায় ফিরে আসেন। শীতের তীব্রতা বাড়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে অন্যত্র চলে যান। ফলে বর্তমানে পুরো উপত্যকায় সারা বছর বসবাস করেন মাত্র ১১ জন।
তবে সোনলের্তো গ্রামের রবার্তো পেদ্রাজ্জিনি ও তাঁর স্ত্রী নাদিয়া সারা বছর উপত্যকায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা একটি ঐতিহ্যবাহী পাথরের বাড়ি পরিচালনার পাশাপাশি ছোট কারুশিল্পের কর্মশালাও চালান।
রবার্তোর ভাষ্য অনুযায়ী, আগে ডিসেম্বরের মধ্যে উপত্যকা ছেড়ে যেতে হতো। তা না হলে শীতকালে তুষারপাতের কারণে বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে যেত। এখন নিয়মিত তুষার পরিষ্কারের ব্যবস্থা থাকায় সারা বছর সেখানে থাকা সম্ভব হচ্ছে।
উপত্যকার বাকি স্থায়ী বাসিন্দাদের মধ্যে সান কার্লোর একটি দম্পতি এবং একটি স্বনির্ভর ক্যাফে পরিচালনাকারী পরিবার রয়েছে। গ্রীষ্মকালে পর্যটকদের আনাগোনা বাড়লেও বছরের অন্য সময় অনেক বাড়িই অন্ধকার ও জনশূন্য থাকে।
প্রকৃতির সঙ্গে সহাবস্থানের অনন্য উদাহরণ
বাভোনা উপত্যকার সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে ফন্ডাজিওনে ভাল্লে বাভোনা। সংস্থাটির পরিচালক রাচেলে গাদেয়া মার্তিনি মনে করেন, স্প্লুই কেবল অতীতের স্থাপনা নয়; এগুলো প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং মানুষের উদ্ভাবনী ক্ষমতার সাক্ষ্য বহন করে।
তাঁর মতে, উপত্যকায় প্রবেশ করলে অনেক সময় মনে হয় এখানে যেন এর আগে কেউ আসেনি। এই অনুভূতি ও পরিবেশ ধরে রাখাই স্থানীয়দের অন্যতম লক্ষ্য।
তবে প্রকৃতির ঝুঁকি এখনো কাটেনি। ২০২৪ সালের ৩০ জুন ভয়াবহ বজ্রঝড় ও বৃষ্টিতে উপত্যকার ফন্টানা, বস্কো ও মোনদাদা গ্রাম বিপর্যস্ত হয়। পাহাড় থেকে প্রায় ৩ লাখ ঘনমিটার পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসে। এতে সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উপত্যকাটি নয় মাস বন্ধ রাখা হয়েছিল।
পর্যটকদের জন্যও আকর্ষণীয়
প্রকৃতির নির্জনতা, প্রাচীন স্থাপত্য এবং পাহাড়ি জীবনধারা দেখতে পর্যটকদের কাছে বাভোনা উপত্যকা আকর্ষণীয় হয়ে উঠেছে। লেক ম্যাগিওরে থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে হলেও উপত্যকাটি যেন সম্পূর্ণ আলাদা এক জগৎ।
লোকর্নো থেকে বাসে প্রায় ৪৫ মিনিটে এখানে পৌঁছানো যায়। ভ্রমণের জন্য মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়কে উপযুক্ত ধরা হয়। এ সময় উপত্যকার মৌসুমি আবাসন ও রেস্তোরাঁগুলো সাধারণত খোলা থাকে।
এখানকার পুরোনো রুস্তিচি বাড়িগুলোর কিছু এখন পর্যটকদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়। তবে সব বাড়িতে বিদ্যুৎ নেই। যারা পূর্ণ বিদ্যুৎ-সুবিধা চান, তাঁদের সান কার্লো এলাকায় থাকার ব্যবস্থা খুঁজতে বলা হয়েছে।
বাভোনা উপত্যকার স্প্লুইগুলো তাই শুধু পাথরের নিচে তৈরি আশ্রয় নয়; এগুলো মানুষের অভিযোজন, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক জীবন্ত ইতিহাস। আধুনিক সভ্যতার নানা সুবিধা থেকে দূরে থেকেও কীভাবে মানুষ কঠিন পরিবেশে নিজেদের জীবন গড়ে তুলতে পারে, সুইজারল্যান্ডের এই ছোট্ট উপত্যকা তারই অনন্য উদাহরণ।
জামালপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা
জ্বালানিবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান
চাঁদের মাটিতে আলু চাষে বিজ্ঞানীদের সাফল্য, কীভাবে সম্ভব হলো?
এআই নিয়ন্ত্রণে ১ বছরের সময়সীমা চান জাতিসংঘ মহাসচিব