‘বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬’ সম্পন্ন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA)-এর উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত ‘বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

দেশের তরুণ প্রজন্মের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অলিম্পিয়াড উপলক্ষে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের আওতাধীন ‘স্কুল অব ফিউচার’-এ আইসিটি অফিসারদের মাধ্যমে একটি ব্যাপক এক্টিভেশন ক্যাম্পেইন পরিচালিত হয়। শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা আয়োজন এবং বর্তমান ও ভবিষ্যৎ সাইবার ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে পোস্টার, ব্যানার ও লিফলেটের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালিত হয় এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সারাদেশে অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

এই উদ্যোগের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪,৯১১ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে নিবন্ধন করে। গত ১৬ মে ২০২৬ তারিখে দেশের ১৭টি বিশ্ববিদ্যালয় ভেন্যুতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ভেন্যু থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৫১ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয় এবং তাদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ০৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত একটি আবাসিক মেন্টরিং বুটক্যাম্প আয়োজন করা হয়। চার দিনব্যাপী এই বুটক্যাম্পে উন্নত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যবহারিক অনুশীলন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি প্রদান করা হয়। এতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির কর্মকর্তাদের পাশাপাশি বিডিজি ই-গভ সার্ট (BGD e-GOV CIRT)-এর বিশেষজ্ঞগণ মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (IIT)-এর পরিচালক অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম বিশেষ সেশন পরিচালনা করেন।

১২ জুন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয়। নির্বাচিত বিজয়ীরা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

১৩ জুন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফকির মাহবুব আনাম, এমপি, মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ।

এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মামুনুর রশীদ ভূঞা, ভারপ্রাপ্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ড. মো. তৈয়বুর রহমান, মহাপরিচালক, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে সাইবার নিরাপত্তা দক্ষতা বিকাশ এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, এই অলিম্পিয়াডের মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশের ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

Attr/AHA
আরও পড়ুন