৯০ বছরের পুরোনো গণিতের সমস্যা সমাধান করলো ওপেন এআই?

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

ওপেন এআই দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে প্রায় ৯০ বছর ধরে গণিতবিদদের চ্যালেঞ্জ জানানো একটি জটিল সমস্যার সমাধান তারা করেছে। সমস্যাটি হলো Navier–Stokes existence and smoothness problem, যা গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত সমস্যাগুলোর একটি এবং ‘Millennium Prize Problems’-এর অন্তর্ভুক্ত।

ওপেন এআই -এর দাবি অনুযায়ী, সমস্যাটি সমাধানের কাজে একসঙ্গে প্রায় ১০ হাজার AI agent ব্যবহার করা হয়। তারা প্রায় ৮৮ ঘণ্টা কাজ করে একটি সম্ভাব্য সমাধানে পৌঁছায়। এরপর আরও প্রায় ১৭ ঘণ্টা ধরে ফলাফল যাচাই করা হয়।

কী এই Navier–Stokes সমস্যা?

Navier–Stokes সমীকরণ তরল ও গ্যাস কীভাবে প্রবাহিত হয়, তা ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। বিমান চলাচল, আবহাওয়া, সমুদ্রের পানি থেকে শুরু করে নানা ধরনের তরল ও বায়ুপ্রবাহের মডেলিংয়ে এর গুরুত্ব রয়েছে।

কিন্তু তিন মাত্রায় এই সমীকরণগুলোর সমাধান সবসময় মসৃণ থাকবে কি না, নাকি নির্দিষ্ট পরিস্থিতিতে অসীম মানের ‘singularity’ তৈরি হতে পারে—সেটিই মূল প্রশ্ন।

২০০০ সালে Clay Mathematics Institute এই সমস্যাটিসহ সাতটি ‘Millennium Prize Problem’-এর প্রতিটির সমাধানের জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে।

কীভাবে সমাধান করলো AI?

OpenAI জানিয়েছে, প্রচলিত একক AI মডেলের বদলে বিপুলসংখ্যক agent-কে একসঙ্গে কাজে লাগানো হয়েছিল। তারা বিভিন্ন গাণিতিক পদ্ধতি পরীক্ষা করে, একে অপরের ফলাফল বিশ্লেষণ করে এবং সম্ভাব্য সমাধানগুলো সমন্বয় করে এগিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়ায় প্রায় ২.৭ মিলিয়ন বার্তা agent-গুলোর মধ্যে আদান-প্রদান হয়েছে। তৈরি হওয়া প্রমাণের দৈর্ঘ্য প্রায় ১৬৫ পৃষ্ঠা।

OpenAI বলেছে, এই কাজের মূল উদ্দেশ্য ১০ লাখ ডলারের পুরস্কার পাওয়া নয়; বরং AI দিয়ে অত্যন্ত জটিল বৈজ্ঞানিক ও গাণিতিক গবেষণার সম্ভাবনা দেখানো।

তবে দাবি ঘিরে বিতর্কও আছে

OpenAI-এর এই ঘোষণাকে ঘিরে গণিত ও AI গবেষণা মহলে প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ Tristan Buckmaster এবং Anthropic-এর গবেষক Levent Alpöge একই ধরনের গবেষণা নিয়ে কাজ করছিলেন।

Buckmaster অভিযোগ করেছেন, তাঁদের গবেষণার সঙ্গে OpenAI-এর কাজের সম্ভাব্য সম্পর্ক রয়েছে। OpenAI সরাসরি তাঁদের অপ্রকাশিত গবেষণা ব্যবহার বা অ্যাক্সেস করার অভিযোগ অস্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পণ্য ব্যবহারের সময় তৈরি হওয়া পরিচয়বিহীন তথ্য মডেল উন্নয়নে পরোক্ষভাবে ভূমিকা রেখেছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয়।

এ কারণে OpenAI-এর দাবিটি গণিতবিদদের স্বাধীন যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। শুধু AI-এর তৈরি প্রমাণ প্রকাশ করলেই কোনো সমস্যার সমাধান আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়ে যায় না।

AI গবেষণায় নতুন যুগের ইঙ্গিত?

এই ঘটনা সফলভাবে যাচাই হলে এর গুরুত্ব শুধু একটি গণিত সমস্যা সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ এতদিন AI মূলত মানুষের তৈরি জ্ঞান বিশ্লেষণ, ব্যাখ্যা ও পুনর্গঠনের ক্ষেত্রে শক্তিশালী বলে বিবেচিত হয়েছে। কিন্তু নিজস্বভাবে নতুন গাণিতিক ধারণা বা প্রমাণ তৈরির সক্ষমতা দেখাতে পারলে AI বৈজ্ঞানিক গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

তবে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—OpenAI-এর ৮৮ ঘণ্টার এই ‘সমাধান’ গণিতের স্বাধীন বিশেষজ্ঞরা কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন। সেই যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্তভাবে ৯০ বছরের সমস্যার সমাধান বলা কিছুটা আগেভাগেই হবে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত