ঢাকা টেস্ট শুরু

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ এএম

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে হারানোটা ছিল অকল্পনীয়। কিন্তু সেটা বাস্তবায়ন হলো ১৫০ রানের বিশাল ব্যবধানে। সেই জয়ের আত্মবিশ্বাস থেকেই সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। নিজেদের চিরচেনা মিরপুরে দারুণ শুরুর আশা নিয়েই ২২ গজে পা রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজ জয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আমন্ত্রণে ফিল্ডিং করবে নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ঘরের মাঠে টেস্টে কখনো জয় পায়নি বাংলাদেশ। তবে সিলেটে সেই স্বাদ পায় শান্ত-তাইজুলরা। এবার শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে বাংলাদেশ জয় পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির স্থাপন করবে হাথুরুসিংহের শিষ্যরা।

তবে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাইবে কিউইরা। সেটা যে কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট রক্ষা করার জন্য তা নয়। তারা চাইবে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ না হারার রেকর্ড অক্ষুন্ন রাখতে।

ইশ সোধী অবশ্য ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী, ‘আমাদের এই দলটির একটি বিশেষ দিক হলো ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। সেটা সাফল্যের ক্ষেত্রে হোক কিংবা ব্যর্থতার। যদিও প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোটা কঠিন কিছুটা। তবে আমি মনে করি আমরা কিছুটা ছন্দ পেয়েছি। বাংলাদেশ প্রথম টেস্টে অবশ্যই ভালো খেলেছে। তবে তারা আমাদেরকে ভালো করার রাস্তাও দেখিয়ে দিয়েছে। বিশেষ করে এই কন্ডিশনে। আশা করি এই ম্যাচে আমরা সেগুলো বাস্তবায়ন করে ভালো কিছু করতে পারবো।’

এফআই
আরও পড়ুন