ঢাকা টেস্ট

আলোর স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

প্রথম দিন আলোর স্বল্পতায় আগেভাগে শেষ হয়েছিল ঢাকা টেস্ট। দ্বিতীয় দিন তো বৃষ্টির কারণে খেলা মাঠেই গড়াতে পারেনি। শুক্রবার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনে উভয়ের থাবা ছিল ঢাকা টেস্টে। দিনের শুরুতে বৃষ্টি আর শেষ ভাগে আলোর স্বল্পতা। এতসব বাধা পার হয়ে ম্যাচ মাঠে গড়ালেও বাংলাদেশ অস্বস্তিতে। বাংলাদেশের প্রথম ইনিংসের ১৭২ রানের জবাবে প্রথম ইনিংসে ৮ রানের লিড নিয়ে নিউজিল্যান্ড থামে ১৮০ রানে। জবাব দিতে নেমে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশও। ২ উইকেটে ৩৮ রান তোলার পর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

ঢাকা টেস্টে টাইগারদের লিড এখন ৩০ রানের। উইকেটে আছেন জাকির হোসেন আর মুমিনুল হক। জাকির ১৬ রানে অপরাজিত, মুুমিনুল এখনও রানের খাতা খুলতে পারেননি। বিকেল পৌনে ৩টার দিকে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরপর আর আবহাওয়ার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে আগেভাগেই।

নিউজিল্যান্ডের দেওয়া ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ৩ রানের মাথায় সাজঘরে ফেরেন মাহমুুদুল হাসান জয় (২ বলে ২)। এরপর ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক শান্ত। ২৪ বলে ১৫ রান করেন এই বাঁহাতি।

এর আগে তৃতীয় দিনে প্রথম সেশন প্রায় পুরোটাই খেলা হয়নি। দুপুর ১২টায় ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে মিচেলকে বেশি বাড়তে দেয়নি বাংলাদেশ। তবে গ্লেন ফিলিপস ফেরাতে পারেনি বাংলাদেশ। অবশেষে বাংলাদেশকে ৮ রানের লিড দিয়ে ফেরত যান এই কিউই ব্যাটার। তার ফেরত যাওয়ার পর আর কোনো রান যোগ না করে ১৮০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ফিলিপস বলতে গেলে বোলারদের তুলোধুনো করেছেন ডানহাতি এই কিউই ব্যাটার। দলকে বড় লিড এনে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মারকুটে ব্যাট করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। অবশেষে তাকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন শরিফুল। বাঁহাতি এই পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮৭ রান করেন তিনি।

এর আগে মিচেলকে আউট করে কিউইদের ৬০ বলে ৪৯ রানের জুটি ভাঙেন অফস্পিনার নাঈম হাসান। ২১তম ওভারে নাঈমকে লং অন অঞ্চলে আকাশে তুলে মারেন মিচেল। মিড অফ অঞ্চল থেকে দৌড়ে এসে ৩৯ বলে ১৮ করা মিচেলকে দুর্দান্ত ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।

এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরালেন নাঈম। ব্যাটের কানায় বল লাগিয়ে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতের ধরা পড়েন স্যান্টনার। ৭ বলে ১ রান করেন এই কিউই ব্যাটার।

AH
আরও পড়ুন